কবিতা

গলিটা এখন

সাময়িকী: শুক্র ও শনিবার

-প্রত্যয় হামিদ

অটো রিকশার চাকা থেমে গেলে গলিটার মাথায়
গলি জুড়ে নেমে আসে ফুলছড়ানো বাসরপ্রহর!

তোমার সাথে তখন কানামাছি সময়-
এখানে এই যে আজকের পুঁই-ডাল, ছোটমাছ ভাত
পেরিয়ে আধখাওয়া চায়ের কাপ;
সেটা হাতে নিয়ে, ঠোঁটে ছুঁয়ে ঠিক তোমার ঠোঁট
এঘর ওঘর অন্যরকম ঘুরাঘুরি।

মনখারাপ করা কাজ আর বস
হঠাৎই হাসিমুখ হয়ে যায়,
টেবিলভর্তি ফাইলগুলো সব টবে সাজানো
কাঁচা কাঁচা ফুল!

সারাদিন যে কথাগুলো
দুমড়ে মুচড়ে পড়েছিল ভ্যানিটি ব্যাগে-
তারা নাচানাচি করে
এ দেয়ালে ও দেয়ালে রং লাগাতে লাগাতে
রং লাগাতে লাগাতে
উড়তে উড়তে
চলতে চলতে
মিশে যায় ঠোঁটের ভাঁজে…

কতদিন এ গলির মাথায় অটো থামে না
কতদিন পুষ্পশয্যা পাতে না
ক্রমশ সরু হতে থাকা গলিটা!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930